২৫ আগস্ট ২০২৬, ১২:২৪

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম উদ্দিন

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ডা. জসিম উদ্দিন  © সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন সাউদার্ন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গতকাল সোমবার (২৪ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম।

অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি। একইসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি পদেও রয়েছেন তিনি।

নিয়োগ প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬’-এর ধারা ১৫(১) অনুসারে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, অধ্যাপক জসিম উদ্দিনের কোষাধ্যক্ষ পদে নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৩ বছর। তিনি ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬’-এর ১৫ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।