জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
জয়পুরহাট জেলার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির (জেএমডিসি) চলতি ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সাদিকুল ইসলাম সভাপতি এবং আমির শাওন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমী নাতিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোস্তাকিন হোসেন।
শুক্রবার (২১ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কার্যকরী পরিষদ আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
নবগঠিত কমিটিতে বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সাংগঠনিক, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন, গবেষণা ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, ইভেন্ট ম্যানেজমেন্ট, মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন, দপ্তর, আপ্যায়ন ও অভ্যর্থনা, সমাজসেবা, সাহিত্য ও সাংস্কৃতিক, ছাত্রকল্যাণ, ব্লাডব্যাংক, অর্থ, রোগীকল্যাণ, প্রচার এবং প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদ রাখা হয়েছে।
সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে জয়পুরহাট জেলার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার পাশাপাশি স্বাস্থ্যসেবা, জনসচেতনতা, রক্তদান, রোগী সহায়তা এবং সমাজসেবামূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, আগামী দিনে জেএমডিসির কার্যক্রম আরও পরিকল্পিত, গবেষণাভিত্তিক ও মানবিক সেবামুখী করা হবে। একই সঙ্গে জয়পুরহাট জেলার শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।