১৬ আগস্ট ২০২৬, ১৭:৪৭

এমনভাবে জ্ঞান অর্জন করবে, যেন সারা পৃথিবীর মানুষের চিকিৎসায় ভূমিকা রাখতে পারো

বক্তব্য রাখছেন বিএমইউ উপাচার্য  © সংগৃহীত

শুধু দেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারার মতো জ্ঞান অর্জন করতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। আজ রবিবার (১৬ আগস্ট) প্রশাসনিক ভবনের বি ব্লকের ২০৯ নম্বর কক্ষে জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে মাস্টার অব পাবলিক হেলথ ২০২৬-২০২৭ সেশনের নতুন ব্যাচের শিক্ষার্থীদের ইন্ডাকশন প্রোগ্রামে উপাচার্য এই পরামর্শ দেন।

অনুষ্ঠানে নতুন ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগের একাডেমিক পরিবেশ, কোর্স কাঠামো, শিক্ষণ-পদ্ধতি এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, একাডেমিক শৃঙ্খলা ও গবেষণার সুযোগ সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, জনস্বাস্থ্য ক্ষেত্রে ভবিষ্যৎ, নেতৃত্ব  দক্ষ ও মানবিক পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের নিষ্ঠা, গবেষণামুখী মনোভাব এবং আন্তঃবিষয়ক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এমন ভাবে এই শিক্ষা, জ্ঞান অর্জন করবে—যা দেশের মানুষের কল্যাণের পাশাপাশি সারা পৃথিবীর মানুষের জন্য চিকিৎসা, শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, আমি আশা করি ইন্ডাকশন প্রোগ্রামের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গণমানুষের জন্য ভবিষ্যতে শিক্ষার্থীদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে উৎসাহ প্রদান করেন উপ-উপাচার্য।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, চিকিৎসা ও রোগ প্রতিরোধের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে তিনি সামাজিক সচেতনতা ও তথ্যবহুল অধিক গবেষণা করার আহ্বান জানান।

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এমপিএইচ ২০২৬-২০২৭ সেশনের নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবারের স্বাগত জানানো হয়।