১৩ আগস্ট ২০২৬, ১৬:১১
রাজশাহী আইএইচটির অধ্যক্ষ ডা. ওয়াসি পারভেজ
স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মির্জা মহম্মদ ওয়াসি পারভেজকে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ পদে পদায়ন করেছে সরকার। তিনি বর্তমানে নওগাঁ মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগে অধ্যাপক পদে ইনসিটু অবস্থায় রয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রশাসন-৩ শাখা থেকে জারি করা ও যুগ্মসচিব মোহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এ কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী আইএইচটির অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে হবে।
আদেশে বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাকে ২০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।