২৪ জুলাই ২০২৬, ২২:৫১

সোহরাওয়ার্দী মেডিকেলে ছাত্রদলের ‘শহীদ ওয়াসিম ফুটসাল ফেস্ট’

ছাত্রদলের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে  © টিডিসি সম্পাদিত

বিশ্বকাপের আবহে উৎসবমুখর পরিবেশে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) ছাত্রদলের উদ্যোগে ‘শহীদ ওয়াসিম মেমোরিয়াল ফুটসাল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিডিএস-১৪ ব্যাচের দল ‘ডেন্ট-এক্স ১৪’।

মোট ৮টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় বিডিএস ১৪তম ব্যাচের ‘ডেন্ট-এক্স ১৪’ এবং নবাগত বিডিএস ১৫তম ব্যাচের দল ‘দ্য ফ্লস কিকার্স ১৫’। ফাইনাল খেলায় দ্য ফ্লস কিকার্স ১৫-কে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেন্ট-এক্স ১৪। অন্যদিকে রানার্স-আপ স্থান অর্জন করে নবীনদের দল দ্য ফ্লস কিকার্স ১৫।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ১০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স-আপ দলের হাতে নগদ ৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করা অন্যান্য খেলোয়াড়দের মাঝেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

আয়োজক সংগঠন ছাত্রদল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ক্যাম্পাসে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সুস্থ বিনোদনের ধারা বজায় রাখতেই তাদের এই প্রয়াস। আগামী দিনগুলোতেও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ ও বিনোদনের জন্য এ ধরনের গঠনমূলক ও উৎসবমুখর আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।