হাসপাতাল চালুর দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে টানা অষ্টম দিনের মতো একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
রবিবার(২৮ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের মূল ফটকে ‘শাটডাউন’ ব্যানার টাঙিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
কর্মসূচি চলাকালে তারা কোনো শিক্ষক বা কর্মচারীকে একাডেমিক ভবনে প্রবেশ করতে না দিয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় স্থানীয় এলাকাবাসীও শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতি, সাইদুল ইসলাম সাকিব, পিয়াশ চন্দ্র দাস ও পৃথ্বীরাজ চৌধুরী।
উল্লেখ্য, গত রোববার ( ২১ জুন) থেকে ক্লাস বর্জন করে হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।