২৪ জুন ২০২৬, ২০:৩৯

মমেকে আবাবিল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু

মমেকে আবাবিল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু  © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। কলেজভিত্তিক ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘আবাবিল স্পোর্টিং ক্লাব’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে প্রথম বর্ষসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং ক্লাবের সদস্যরা অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি ও চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ধারণ ও সংরক্ষণ করার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন। খেলার পাশাপাশি শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং দলগত চেতনা বিকাশেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ম্যাচ শুরুর আগে দলগুলোর পরিচিতি পর্ব ও খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়া হয়।

আবাবিল স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা জানান, জুলাইয়ের ঐতিহাসিক স্মৃতি ধরে রাখতে এবং ক্যাম্পাসে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন ইতিবাচক আয়োজন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ আগামী দিনগুলোতে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।