১০ জুন ২০২৬, ২০:০৫

সব মেডিকেলে ভাতা ২০ হাজার পেলেও ডেল্টায় ১৫, চার দিন ধরে কর্মবিরতিতে ইন্টার্নরা

বুধবার বিক্ষোভ করেন ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা  © সংগৃহীত

২০২৪ সাল থেকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ২০ হাজার নির্ধারণ করা হলেও রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে অমান্য করার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির ইন্টার্ন চিকিৎসকরা এখনও ১৫ হাজার টাকা ভাতা পাচ্ছেন। এ ঘটনায় ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে গত ৭ জুন থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে আজ বুধবার (১০ জুন) কর্মবিরতির অংশ হিসেবে ডেল্টা হাসপাতাল সংলগ্ন সড়কে  মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। এতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি ডেল্টা মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরাও অংশ নেন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কিছু ন্যায্য দাবি অমীমাংসিত রেখে দেওয়ায় তা কাজের মান ও চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দাবি আদায়ে গত ৭ জুন থেকে হাসপাতালের পরিচালনা পর্ষদ ও প্রশাসনকে অবহিত করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এরই প্রেক্ষিতে আজ তারা রাজপথে নামতে বাধ্য হন।

ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৪ দফা দাবি হলো— বেতন কাঠামো পুনর্বিবেচনা, নিয়মিত বেতন প্রদান, কক্ষের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ।

তারা বলছেন, সরকারি পে-স্কেল ও প্রজ্ঞাপনের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্নদের বর্তমান মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা করতে হবে। একই সাথে যারা বর্তমানে অবৈতনিক (নন-পেইড) হিসেবে কাজ করছেন, তাদের জন্য ন্যূনতম ৫ হাজার টাকা মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া প্রতি মাসের প্রথম ৭ কর্মদিবসের মধ্যে ইন্টার্ন চিকিৎসকদের বকেয়া ও নিয়মিত বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে।

ইন্টার্ন চিকিৎসকরা আরও বলছেন, তাদের জন্য নির্ধারিত কক্ষে পর্যাপ্ত জায়গা, লকার ও বিশ্রামের জন্য প্রয়োজনীয় বেডের ব্যবস্থা করতে হবে। কক্ষের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং পুরুষ ইন্টার্নদের কক্ষটি দ্রুত শীতাতপ নিয়ন্ত্রিতও (এসি) করতে হবে। একই সঙ্গে ডিউটি চলাকালীন চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত সরঞ্জাম এবং সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভ সমাবেশে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবু হেনা রাব্বি বলেন, ২০২৪ সালের ৮ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়। এরপর সকল সরকারি মেডিকেলে বেতন ভাতা বাড়লেও বেসরকারি মেডিকেল গুলোতে বাড়েনি। তবে সময়ের সাথে সাথে বাংলাদেশের বর্তমানে প্রায় সকল বেসরকারি মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ২০ হাজার টাকা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের ডেল্টা মেডিকেল কলেজ এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও ইন্টার্ন চিকিৎসকদেরকে এখনো ১৫ হাজার টাকা বেতন দিচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

‎তিনি আরও বলেন, আজ ৩ দিন যাবৎ আমরা সকল ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দাবি এখনো মেনে নেয়নি। তাই আমরা আজ ডেল্টা মেডিকেল কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীদের সাথে নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইন্টার্ন চিকিৎসক জানান, এর আগেও যখন বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন হয়েছিল তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে নানা ভয়-ভীতি দেখিয়ে এবং বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করে জোরপূর্বক তাদের আন্দোলনকে ছত্রভঙ্গ করে এবং এখনো পর্যন্ত সকল ইন্টার্ন চিকিৎসকের ন্যায্য বেতন ২০ হাজার টাকা না দিয়ে মাত্র ১৫ হাজার টাকা দিচ্ছে।

‎ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, যদি ইন্টার্ন চিকিৎসকদের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় তাহলে সকল ইন্টার্ন চিকিৎসকরা আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচির ডাক দিবে।