ইন্টার্নদের পর ৬ দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন ট্রেইনি চিকিৎসকরাও
৬ দফা দাবি আদায় কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। একই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনিরাও। রবিবার (৭ জুন) রাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেইনি চিকিৎসকরা পৃথক বিবৃতিতে এসব ঘোষণা দিয়েছেন।
রাত ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতির তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে রবিবার সকালে কর্মবিরতি শুরু করেন সারাদেশের ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্নদের পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জনও চলছে। এ নিয়ে সোমবার (৮ জুন) ইন্টার্ন চিকিৎসকদের ১২ সদস্যের একটি প্রতিনিধি দলের স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরই মধ্যে কর্মবিরতির ঘোষণা দিলেন ট্রেইনি চিকিৎসকরা।
পোস্টগ্রাজুয়েট ট্রেইনি, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো তৈরি করা।