০৭ জুন ২০২৬, ২৩:২৯

স্বাস্থ্য সচিবের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক কাল, কর্মবিরতি চলবে

ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি  © টিডিসি ফটো

৬ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি এবং মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচির মধ্যেই তাদের সঙ্গে বৈঠকে বসছেন স্বাস্থ্য সচিব। আগামীকাল সোমবার বিকেল ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস অংশ নেবেন। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে থাকবে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে দাবি-দাওয়া আদায়ের বিষয়েই আলোচনা হবে।

তবে চলমান কর্মবিরতি আগামীকালও অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পরবর্তী দিন কর্মসূচি প্রত্যাহার হবে কিনা সেটি বৈঠকের আলোচনার ওপর নির্ভর করবে। বৈঠকের পরই বিষয়টি আমরা জানাব।

৬ দফা দাবিতে আজ রবিবার (৭ জুন) অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন সারাদেশের ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে গতকাল শনিবার প্রতিটি ক্যাম্পাসে মানববন্ধনও করেন তারা। ইন্টার্নদের পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস বর্জনও চলছে।

ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো- এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো তৈরি করা।