০৬ জুন ২০২৬, ১৬:৩৬

বিএমইউতে অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিংয়ের সুযোগ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়  © টিডিসি ছবি

জুলাই-২০২৬ সেশনে এক বছর মেয়াদি ‘অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। শিশু, কার্ডিওলজি এবং নিউরোলজি বিভাগের অধীনে এই ফেলোশিপ প্রোগ্রাম পরিচালিত হবে। আগ্রহীদের আগামী ১৫ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

আজ শনিবার (৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এ টি এম আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট তিনটি বিষয়ের অধীনে এই ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম পরিচালিত হবে। বিষয়গুলো হলো— শিশু বিভাগের অধীনে শিশু রিউম্যাটোলজি ডিভিশন কর্তৃক পরিচালিত অ্যাডভান্সড ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম, কার্ডিওলজি বিভাগের অধীনে পরিচালিত ফেলোশিপ ইন ইন্টারভেনশনাল কার্ডিওলজি এবং নিউরোলজি বিভাগের অধীনে স্ট্রোক ও নিউরো ইন্টারভেনশন ফেলোশিপ প্রোগ্রাম।

আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট বিষয়ে এমডি বা এফসিপিএস অথবা সমমানের ডিগ্রিধারী যেকোনো সরকারি, বেসরকারি বা বিএমইউর প্রার্থী এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৩০ জুন পর্যন্ত আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে। কোর্সগুলো সম্পূর্ণ সার্বক্ষণিক এবং নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ বিভাগের সাথে সার্বক্ষণিকভাবে সংযুক্ত থাকতে হবে।

মনোনীত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে কোর্স ফি বাবদ ১০ হাজার টাকা জমা দিতে হবে। এছাড়া কোর্স শুরুর সময় সংশ্লিষ্ট বিভাগের অ্যাকাউন্টে কন্ডিশনাল ‘কশন মানি’ হিসেবে আরও ১০ হাজার টাকা জমা দিতে হবে।

আগ্রহী প্রার্থীরা অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্রের ফরম ফি বাবদ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূরণকৃত আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৫ জুন পর্যন্ত।