০৪ জুন ২০২৬, ১৪:১৩

ডেন্টাল শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৮ জুন, অনুষ্ঠান তিন দিনব্যাপী

ডেন্টাল শিক্ষার্থী  © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও উদ্বোধনী ক্লাস আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। দেশের ৩৪টি সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে তিন দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 

বিজ্ঞপ্তি অনুযায়ী,  ৮ জুন সকাল ৯টায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করবে। অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়ে  উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পৃথক কর্মসূচি বাস্তবায়ন করবে।

ওরিয়েন্টেশনের প্রথম দিনে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতেই এ কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।

৯ জুন নবীন শিক্ষার্থীদের কলেজের বিভিন্ন বিভাগ, ল্যাবরেটরি, ক্লিনিক্যাল সুবিধা এবং একাডেমিক অবকাঠামো পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। একইসঙ্গে বিডিএস কোর্সের কারিকুলাম, শিক্ষাক্রম, মূল্যায়ন পদ্ধতি এবং পেশাগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

 ১০ জুন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা শিক্ষায় অনুপ্রাণিত করতে মোটিভেশনাল লেকচার আয়োজন করা হবে। শিক্ষকদের অংশগ্রহণে এসব সেশনে শিক্ষার্থীদের পেশাগত জীবন, নৈতিকতা, দায়িত্ববোধ ও ব্যক্তিগত বিকাশের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।