১৮ মে ২০২৬, ১৬:২৬

বেসরকারি ডেন্টাল কলেজে অসচ্ছল কোটার শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকার ২০ মে

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর  © টিডিসি ছবি

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে বিডিএস কোর্সের মেধাবী ও অসচ্ছল কোটার শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২০ মে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের দিন নির্ধারণ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ সোমবার (১৮ মে) (সোমবার) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোতে মেধাবী ও অসচ্ছল কোটায় প্রথম পর্যায়ের ভর্তি শেষে কিছু আসন শূন্য রয়েছে। এসব শূন্য আসনে ভর্তির উদ্দেশ্যে আবেদনকারী প্রার্থীদের (যারা এমবিবিএস ও বিডিএস উভয়ই অথবা শুধু বিডিএসে আবেদন করেছেন) অনলাইন আবেদন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং অভিভাবকের আর্থিক সক্ষমতার বিবরণের ভিত্তিতে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে।

এই তালিকায় থাকা প্রার্থীদের কোটার সপক্ষের প্রমাণক ও দালিলিক নথিপত্র যাচাইয়ের জন্য আগামী ২০ মে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যথাসময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলিলপত্র যাচাই শেষে কেবল যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সাক্ষাৎকার প্রদানের জন্য প্রার্থী বা তাদের অভিভাবকগণ কোনো ধরনের যাতায়াত (টিএ) কিংবা দৈনিক ভাতা (ডিএ) পাবেন না।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালার ৮.২.৫ অনুচ্ছেদ অনুযায়ী, যদি কোনো প্রার্থীর অসচ্ছলতার দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হয়, তবে তার আবেদনপত্র তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে এবং বিষয়টি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞপ্তি দেখুন