১৩ মে ২০২৬, ২০:১৬

বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিএমইউতে উচ্চমানের জার্নালে গবেষণা প্রকাশনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  © সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার সক্ষমতা বৃদ্ধি ও উচ্চ-প্রভাবসম্পন্ন (হাই-ইমপ্যাক্ট) জার্নালে গবেষণাপত্র প্রকাশের কৌশল শেখাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ মে) বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে ‘ফ্রম আইডিয়া টু ইমপ্যাক্ট: ডেভেলপিং এ পাবলিশ্যাবল রিসার্চ কোশ্চেন ইন হাই-ইমপ্যাক্ট জার্নালস’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ আলোচনা সভা সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞানে গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক মানের প্রকাশনার অপরিহার্যতা তুলে ধরেন।

অনুষ্ঠানে মূল বক্তা (কি-নোট স্পিকার) হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ফেডারেশন ইউনিভার্সিটির ‘ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং’-এর গবেষণা বিষয়ক সহযোগী ডিন অধ্যাপক ডা. মুহাম্মদ আজিজ রহমান। পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার এই ভাইস প্রেসিডেন্ট গবেষণার বিষয় নির্বাচন, সঠিক গবেষণা প্রশ্ন তৈরির সূক্ষ্ম কৌশল এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে প্রকাশনার চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিএমইউর ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ (আইকিউএসি) আয়োজিত এই সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. রিফাত রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জানান, এই সেমিনারের মাধ্যমে তারা গবেষণাকে বৈশ্বিক পর্যায়ে উপস্থাপনের বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর দিকনির্দেশনা লাভ করেছেন।

সেমিনার শেষে উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক ডা. মুহাম্মদ আজিজ রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, গবেষণার গুণগত মানোন্নয়ন ও তরুণ গবেষকদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।