সোহরাওয়ার্দী মেডিকেলের হল ‘দখলে’, আবাসনের দাবিতে এবার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন হল থেকে অস্থায়ী সেনা ক্যাম্প অপসারণ না করা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ রবিবার (৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেছেন তারা। বিকেলে এক বিবৃতিতে ইন্টার্ন ডক্টরস কমিটি এই ঘোষণা দিয়েছে।
আইডিসির বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে সামরিক বাহিনী প্রায় ২ বছর যাবৎ অবস্থানরত। তাদের অবস্থানের ফলে বর্তমানে ইন্টার্নসহ সকল শিক্ষার্থীদের জন্য তীব্র আবাসন সংকট সৃষ্টি হয়েছে, যা আমাদের স্বাভাবিক ও নিরাপদ বসবাসকে ব্যাহত করছে। দুঃখজনকভাবে, একাধিকবার হাসপাতাল প্রশাসন ও সামরিক বাহিনীর প্রতিনিধিত্বের সাথে আলোচনার পরও অদ্যাবধি কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন: ২ বছর ধরে ‘দখল’ সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন হল, গণরুমে শোচনীয় হাল শিক্ষার্থীদের
এতে আরও বলা হয়, ইন্টার্ন হোস্টেল হতে সামরিক বাহিনীর দ্রুত প্রস্থান ও আবাসন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার সময়সীমা প্রদান করা হয়েছিল। দাবি পূরণ এর পক্ষে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমতাবস্থায় সকল ইন্টার্নের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হল যে ইন্টার্ন হোস্টেল সম্পর্কিত আবাসন সংকট সমাধানের নিমিত্তে সামরিক বাহিনী অপসারণ এবং ইন্টার্ন হোস্টেল হস্তান্তর না করা পর্যন্ত সোহরাওয়ার্দী মেডিকেল এর সকল ইন্টার্ন চিকিৎসক ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করবে।