সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজয় দিবস পালন উদযাপন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৬’ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচি অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসায় নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে বিজয় দিবস উপলক্ষে ৫টি কর্মসূচি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন; সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিজয়মেলা ও প্রতিযোগিতা; ক্রীড়া প্রতিযোগিতা; বিশেষ দোয়া ও মোনাজাত।
নির্দেশনাসমূহ:
জাতীয় পতাকা উত্তোলন: ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা নিজ নিজ মাদ্রাসা ভবনে উত্তোলন করতে হবে।
সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে: ১৬ ডিসেম্বর সকাল ৯টায় নিজ নিজ জেলা ও উপজেলা পর্যায়ে (স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে) অনুষ্ঠিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিজয়মেলা ও প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলা এবং সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ক্রীড়া প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি বা হা-ডু-ডু ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।
বিশেষ দোয়া ও মোনাজাত: ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে নিজ নিজ মাদ্রাসায় শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোকে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মসূচিগুলো হলো- আগামী ১৪ ডিসেম্বর দিবসটির তাৎপর্য তুলে ধরে নিজ নিজ প্রতিষ্ঠানের সুবিধাজনক সময়ে ‘বিশেষ আলোচনা অনুষ্ঠান’ আয়োজন করতে হবে; আলোচনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে অংশগ্রহণ নিশ্চিত করা।