প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অধিদপ্তর
সরকারি শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী পরিবেশ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার খেলার মাঠ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি জেলা থেকে খেলার মাঠ রয়েছে বা মাঠ প্রস্তুত/উন্নয়ন করা সম্ভব—এমন একটি করে উপযুক্ত এমপিওভুক্ত মাদ্রাসার তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার (১১ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারি শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী পরিবেশ সৃষ্টি এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার খেলার মাঠ উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলার একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরণের জন্য নির্দেশনা রয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ধারাবাহিকতায় দেশের সব জেলা প্রশাসককে নিজ জেলার একটি করে খেলার মাঠযুক্ত এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা পাঠানোর জন্য পত্র দেওয়া হয়েছিল। কিন্তু কোনো কোনো জেলা থেকে এখনো তালিকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়নি।
এ অবস্থায় সংশ্লিষ্ট জেলায় খেলার মাঠ রয়েছে বা মাঠ প্রস্তুত/উন্নয়ন করা সম্ভব—এমন একটি উপযুক্ত এমপিওভুক্ত মাদ্রাসার তথ্য আগামী সাত দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। তথ্য পাঠাতে daf@dme.gov.bd অথবা ap-2@dme.gov.bd ই-মেইল ঠিকানা ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে দ্রুত তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে।