০৯ নভেম্বর ২০২৬, ১৮:০৫

ফাজিল-কামিল মাদ্রাসায় এডহক কমিটি গঠনের সময় বেধে দেওয়া হলো

দেশের একটি কামিল মাদ্রাসা  © সংগৃহীত

দেশের সকল ফাজিল ও কামিল মাদ্রাসায় এডহক কমিটি গঠনের সময়সীমা বেধে দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। 

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে মুহা. নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদ্রাসাকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে এডহক কমিটি গঠনের প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এ ছাড়াও পূর্ণাঙ্গ এডহক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মাদ্রাসার বেতন বিলে জেলা সদরে জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরে অতিরিক্ত জেলা প্রশাসক স্বাক্ষর করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ ও এডহক কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট পিটিশন নং ১৫২০৮/২০২৬-এর ২ নভেম্বর-২০২৬ প্রদত্ত আদেশ শুধুমাত্র ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির ক্ষেত্রে প্রযোজ্য হবে। উক্ত আদেশ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত অন্য মাদ্রাসার গভর্নিং বডি/এডহক কমিটির ক্ষেত্রে প্রযোজ্য নয়।