মাদ্রাসা বোর্ডের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দেশের আলিম স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সকল আলিম পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ওয়েবসাইটের (https://xiclassadmission.gov.bd) লগইন প্যানেলে মাদ্রাসার নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করতে হবে। এরপর আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে প্রেরণের সমুদয় কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসায় অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত কোনো জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।