মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ছড়ানো অপতথ্য অনেকক্ষেত্রে অতিরঞ্জিত ও ইচ্ছাকৃত
মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাব্যবস্থা সম্পর্কে প্রচলিত অপতথ্য, ভুল ধারণা ও নেতিবাচক জনধারণা দূর করে প্রকৃত বাস্তবতা তুলে ধরা এবং এই শিক্ষাব্যবস্থার প্রতি জনআস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা: অপতথ্য, বাস্তবতা ও জনআস্থার প্রশ্ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর কাটাবন মসজিদ কমপ্লেক্সের দ্য মেসেজ একাডেমি অডিটরিয়ামে রাবেতাতুল উলামা বাংলাদেশ-এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার শায়খ এইচ এম রবিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ড. জাকারিয়া নূর, খতিব ও সাংবাদিক শায়খ আলী হাসান তৈয়ব এবং ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতি আফজাল হোসাইন।
সেমিনারে প্রধান অতিথি বলেন, বাংলাদেশে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে যে পরিমাণ অপতথ্য ছড়ানো হচ্ছে তা অনেকক্ষেত্রে অতিরঞ্জিত এবং ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, ধর্মীয় শিক্ষাব্যবস্থা নিয়ে যেকোনো আলোচনা ও মূল্যায়ন হতে হবে তথ্য, গবেষণা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে। বিচ্ছিন্ন ঘটনা বা অসম্পূর্ণ তথ্যের ওপর নির্ভর করে সামগ্রিক একটি শিক্ষাব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা সমীচীন নয়। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, সময়োপযোগী সংস্কার এবং ইতিবাচক অর্জনগুলো জনসমক্ষে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষার উন্নয়ন, গণমাধ্যম যোগাযোগ মজবুতিকরণ, গবেষণাভিত্তিক জনমত গঠনে সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি রাবেতার অন্যতম সদস্য লুৎফুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় পরিচালিত হয়। এছাড়া দেশের বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, শিক্ষক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। অবশেষে রাবেতার অন্যতম উদ্যোক্তা মুফতী মাহমুদুল হাসান হাশেমী সবাইকে ধন্যবাদ জানিয়ে সেমিনার শেষ করেন।