২৫ অক্টোবর ২০২৬, ১৪:৩১

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপির সংসদ সদস্য

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু  © টিডিসি ফটো

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির দাবি প্রসঙ্গে নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, ‘এ দাবি নিয়ে সরকার কাজ করছে। এমপিও দিতে হলে একটা নীতিমালা লাগে। সেই নীতিমালার কাজ চলছে। তারপরে আমরা বলতে পারব যে, নীতিমালা করে বসে আছেন, আমাদের এমপিও দিচ্ছেন না কেন?’

‘ইসলাম শিক্ষা বিস্তারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাবনা ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান এবং নৈতিক শিক্ষায় ইবতেদায়ী মাদ্রাসার ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। রবিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে এ আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষ ঐক্যফ্রন্ট।

বিএনপির এই এমপি বলেন, ‘আমি সংসদে গিয়ে ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণের ব্যাপারে যেন অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এ বিষয়ে একটি নোটিশ জমা দিয়েছি। সংসদ বসবে তার আগের যে শুক্রবার, সেই দিনে এই সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশগুলোর একটা লটারি হয়। যদি এটা ওঠে লটারিতে, তাহলে আমি বলব এই বিষয়ে। তখন আমার সমর্থনে আরো অনেক এমপি আপনাদের পক্ষে কথা বলার সুযোগ পাবেন।’

তিনি বলেন, ‘আপনাদের এমপিও অধিক জনগুরুত্ব বিষয় হিসেবে ৭১ বিধিতে নোটিশ দিতে হয়, সেই নোটিশ আমিন ৯ তারিখ সকালে দেব। তাহলে ১০ তারিখে ওইটা সিরিয়ালে আসবে। যদি সিদ্ধান্ত প্রস্তাবে আলোচনা নাও আসে আমি এইটা ৭১ বিধিতে আলোচনার দুই মিনিটের সুযোগ পাব। ১১ তারিখ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব থাকে। ওই প্রশ্নোত্তর পর্বে আমি তিনটি নোটিশ জমা দিয়েছি।’

আরও খবর: পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অবস্থান

এমপিওভুক্তকরণের বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি নোটিশ দিয়েছেন জানিয়ে ইকরামুল বারী টিপু বলেন, ‘প্রধানমন্ত্রী তিন বা চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন। তার মধ্যেই আধা ঘণ্টা শেষ হয়ে যায়। যদি আমার সিরিয়াল থাকে, তাহলে আমি বলতে পারব। না হলে লিখিত উত্তর থাকবে, সেটাও আমরা জাতির সামনে জানাতে পারব। আমি আপনাদের এমপিওভুক্তির বিষয়ে এতটুকু উদ্যোগ গ্রহণ নিয়েছি।’ 

তিনি বলেন, ‘আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনাদের এটা নিয়ে কথা বলব, আপনারা যাতে দেখা করতে পারেন তার সঙ্গে। এ ব্যাপারে আমি তার সঙ্গে আলোচনা করব যে, ইবতেদায়ী মাদ্রাসার প্রতিনিধিরা দেখা করতে চান।’