৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল, সুযোগ পাচ্ছে বাদ পড়া শিক্ষার্থীরা
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির (দাখিল পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় এসব শিক্ষার্থীকে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে।
আজ বুধবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দাখিল ১০ম শ্রেণিতে পড়ছে কিন্তু ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারেনি এমন শিক্ষার্থীদের মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফিসহ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। ফি সিস্টেমে জমা হওয়ার পর নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রির জন্য অনলাইনে এন্ট্রি অপশন চালু হবে। এরপর ইএসআইএফের মাধ্যমে শিক্ষার্থীর তথ্য পূরণ ও সাবমিশন করতে হবে।
আরও পড়ুন: শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, অনলাইনে বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত। আর ইএসআইএফে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি ও সাবমিশনের শেষ সময় ২২ অক্টোবর।
তবে এই বর্ধিত সময়ে শুধু নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে বাদ পড়া শিক্ষার্থীদের আর রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায় সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ, সুপার বা প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।