০১ অক্টোবর ২০২৬, ১৫:১৫
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়, বেতন পাবেন যেদিন
বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। আগামী ৪ অক্টোবরের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারী সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক বিতরণকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে ১ অক্টোবর হস্তান্তর করা হয়েছে।
এতে আরও বলা হয়, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা আগামী ৪ অক্টোবরের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে আগস্ট মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন।