১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৫

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প্রকাশ, দেখুন এখানে

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অনুদানপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যাচাই-বাছাই শেষে অনুদানভুক্ত শিক্ষকদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত তালিকা নিয়ে কোনো আপত্তি, মতামত বা উপযুক্ত দাপ্তরিক প্রমাণক থাকলে নির্ধারিত সময়ে তা দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৪ হাজার ৩৪০ জন শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা দেখুন এখানে

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অনুদানপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনুদানভুক্ত শিক্ষকদের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকার বিষয়ে কোনো শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান বা কোনো ব্যক্তির আপত্তি, মতামত কিংবা উপযুক্ত দাপ্তরিক প্রমাণক থাকলে তা নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী যথাযথ প্রমাণকসহ দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর পাওয়া কোনো আপত্তি বা মতামত গ্রহণ করা হবে না।

বিভাগভিত্তিক আপত্তি বা মতামত দাখিলের সময়সূচি হলো—

ঢাকা ও চট্টগ্রাম বিভাগ: ২০ সেপ্টেম্বর, কক্ষ নম্বর ৭০৮; বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগ: ২১ সেপ্টেম্বর, কক্ষ নম্বর ৭০২; খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগ: ২২ সেপ্টেম্বর, কক্ষ নম্বর ১০০৭।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্টদের নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে যথাযথ দাপ্তরিক প্রমাণকসহ উপস্থিত হতে হবে।