১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩২

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মাদ্রাসা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়  © টিডিসি

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি প্রদান এবং তাদের উৎসাহিত করতে গাজীপুরের তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসায় অনাবাসিক শাখায় বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মাদ্রাসা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান, ডুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ডেপুটি খতিব মাওলানা আবু বকর সিদ্দিক, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক হাবীবুল্লাহ আল আমীন, পরিচালক নুরুল আবসার ভূঁইয়া এবং বাইতুল মামুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন করলেই হবে না; তাদের জ্ঞান, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষা মানুষের চিন্তা ও চরিত্রকে পরিবর্তন করে। তাই কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে উৎসাহিত করার পাশাপাশি তাদের নিয়ম-শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক চরিত্র গঠন এবং কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মেধাবী ও আদর্শবান প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইন উদ্দিন সরকার, আবু সায়াদাত লুলু ও ইসমাইল মোল্লাসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

শাখা প্রধান ইব্রাহিম শিশিরের পরিচালনায় এবং সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।