০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

ধর্ষণ মামলায় এমপিওভুক্ত শিক্ষককে শোকজ

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর   © সংগৃহীত

ধর্ষণ মামলায় আসামি হওয়ার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শোকজ পাওয়া শিক্ষক হলেন- পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলাধীন দেবীপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক (ইংরেজি) মো. সরোয়ার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সরোয়ারের বিরুদ্ধে ‘শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি এমপিও শিক্ষক’ শিরোনামে গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগসমূহ একজন এমপিওভুক্ত শিক্ষক হিসেবে অত্যন্ত গুরুতর ও অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ড শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী।

প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. সরোয়ারের বিরুদ্ধে কেন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।