০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩০

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © টিডিসি ফটো

বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা নতুন করে না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। যেসব শিক্ষক বদলির জন্য হার্ডকপি জমা দিয়েছেন তারাই শুধু গুগল ফর্মে তথ্য দিতে পারবেন। নতুন করে বদলি আবেদনের কোনো হার্ডকপি জমা নেওয়া হবে না।’

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নতুন লিংক, দেখুন এখানে

অধিদপ্তর সূত্রে জানা যায়, বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন গত ৩০ আগস্ট থেকে শুরু হয়ে চলে আজ রবিবার বিকেল ৪টা পর্যন্ত। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী অধিদপ্তরে মোট সাড়ে ৭ হাজার বদলি আবেদনের হার্ডকপি জমা পড়েছে।  

এর আগে মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় প্রায় ৪২ হাজার শূন্য পদ প্রকাশ করে। সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে ম্যানুয়াল পদ্ধতিতে এ কার্যক্রম পরিচালিত হবে বলে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবেদনকারীরা শূন্য পদের তালিকা থেকে পছন্দের পাঁচটি প্রতিষ্ঠান নির্বাচন করে হার্ডকপি আবেদন জমা দিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বয়ংক্রিয় সফটওয়্যারভিত্তিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা)-এর এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা, ২০২৬-এর ৩.১৯ ধারা অনুযায়ী এ প্রক্রিয়া পরিচালিত হবে।