০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৪

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন

প্রতীকী ছবি  © টিডিসি সম্পাদিত

বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের নির্ধারিত গুগল ফরমে তথ্য দিতে গিয়ে জটিলতায় পড়েছেন অনেক শিক্ষক। একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষক আবেদন করায় সার্ভার বা ব্রাউজারজনিত সমস্যায় ফরমে প্রবেশ ও তথ্য জমা দিতে সমস্যা হচ্ছে। তবে গুগল ফরমে আবেদন করতে না পারলেও শিক্ষকদের জন্য বিকল্প ব্যবস্থা রেখেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী কয়েকজন শিক্ষক এমন সমস্যার কথা জানান। পরে বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, সমস্যাটি সাময়িক এবং একসঙ্গে বেশি সংখ্যক শিক্ষক ফরম পূরণ করায় এমনটি হতে পারে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. সাইফুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একসঙ্গে অনেক শিক্ষক বদলি আবেদনের গুগল ফরম পূরণ করছেন। এমন অবস্থায় সাধারণত সার্ভার বা ব্রাউজারের সমস্যার কারণে জটিলতা দেখা দিতে পারে।

অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গুগল ফরমে আবেদন করার সময় শিক্ষককে অবশ্যই নিজের সঠিক গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করা আছে কি না, তা নিশ্চিত করতে হবে। সঠিক অ্যাকাউন্টে লগইন না থাকলেও ফরম পূরণ বা জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

ওই কর্মকর্তা জানান, গুগল ফরমে কোনোভাবেই আবেদন করা সম্ভব না হলে আগামী রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এসে ম্যানুয়ালি আবেদন জমা দেওয়া যাবে। কারণ বদলির ক্ষেত্রে সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে হার্ডকপিতেও আবেদন করতে হবে শিক্ষকদের।

পরে আবেদন যাচাইয়ের সময় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (মেমিস) তথ্য যাচাই করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে থাকা শূন্য পদের তথ্যের সঙ্গে মিলিয়ে যোগ্য শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হবে।

এদিকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত শিক্ষকদের বদলি আবেদনের জন্য প্রায় ৪২ হাজার শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৩০ আগস্ট থেকে এ আবেদন শুরু হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত শিক্ষকরা আবেদন করতে পারবেন।