০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৯

মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল

মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল  © টিডিসি ফটো

বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ম্যানুয়াল আবেদন ছাড়িয়েছে। আবেদনকারীদের অনেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে সরাসরি এসে হার্ডকপি আবেদন জমা দিয়েছেন। আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরসূত্রে জানা গেছে,  আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বড় সংখ্যক শিক্ষক আবেদন জমা দিয়েছেন। একদিনেই আড়াই হাজারের মতো আবেদন পড়েছে। গতকাল পর্যন্ত আবেদন পড়েছিল ১ হাজারের মতো।  ফলে এখন পর্যন্ত আবেদনের সংখ্যা বেড়ে দা্ঁড়িয়েছে সাড়ে তিন হাজার।

বিপুল সংখ্যক শিক্ষকদের আবেদন জমা নিতে আটটি বুথ তৈরি করতে হয়েছে। এতে ভোগান্তি কমেছে সারাদেশ থেকে আসা শিক্ষকদের।

এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে প্রায় ৪২ হাজার শূন্য পদের তালিকা প্রকাশ করা  হয়েছে। গত ৩০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। এটি চলবে ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সফটওয়্যারভিত্তিক বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬’ এর বিধি ৩.১৯ মোতাবেক জনস্বার্থে বদলির লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের কাছ থেকে শূন্যপদের বিপরীতে ম্যানুয়াল (হার্ডকপি) আবেদন গ্রহণের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া শূন্যপদের তালিকা থেকে পছন্দনীয় মাদ্রাসা নির্বাচন করে উল্লিখিত ছক অনুযায়ী নিজের ও স্পাউসের জাতীয় পরিচয়পত্র, আবেদনকারীর বর্তমান পদের প্রথম ও শেষ এমপিওকপি, বর্তমান যোগদানপত্র এবং স্পাউসের কর্মস্থলের প্রত্যয়ন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) যুক্ত করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

বদলি আবেদনে যেসব তথ্য দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আবেদনকারীর নাম ও ইনডেক্স নাম্বার, আবেদনকারীর স্থায়ী ঠিকানা, বিষয় ও পদের নাম (যোগদানের তারিখসহ), বর্তমান কর্মস্থল জেলা ও উপজেলা (মাদ্রাসার নাম ও প্রতিষ্ঠানের এমপিও নাম্বারসহ), শূন্যপদের বিপরীতে যে প্রতিষ্ঠানে বদলি হতে ইচ্ছুক তার পছন্দক্রম (জেলা, উপজেলার নামসহ ৫টি প্রতিষ্ঠানের নাম), স্পাউসের কর্মস্থল, বর্তমান কর্মস্থল হতে স্থায়ী ঠিকানার দূরত্ব, মন্তব্য।