দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও আলিম স্তরে প্রচলিত ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন করে ‘মানবিক শাখা’ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৮ জুলাই অনুষ্ঠিত বোর্ডের অ্যাকাডেমিক কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বোর্ড জানায়, শুধু শাখার নাম পরিবর্তন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট শাখার শিক্ষাক্রম, পাঠ্যসূচি, বিষয় কাঠামো, নম্বর, মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা-সংক্রান্ত নিয়ম কিংবা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ ‘সাধারণ শাখা’র পরিবর্তে ‘মানবিক শাখা’ নামটি ব্যবহৃত হলেও বর্তমান শিক্ষা ও মূল্যায়ন কাঠামো অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাকাডেমিক, দাপ্তরিক ও প্রশাসনিক সব কার্যক্রমে ‘সাধারণ শাখা’র পরিবর্তে ‘মানবিক শাখা’ নাম ব্যবহার করতে হবে। এ জন্য দেশের সব মাদ্রাসা, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় কার্যক্রমে নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে ইতোমধ্যে ‘সাধারণ শাখা’ নামে যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, তাদের ক্ষেত্রে পূর্বের রেজিস্ট্রেশন অনুযায়ী ‘সাধারণ শাখা’ নামই বহাল থাকবে। নতুন নামটি মূলত ২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে।