৩০ আগস্ট ২০২৬, ১৭:১৪

মাদ্রাসার ৪ শিক্ষকের কাছে টাকা ফেরত চাইল অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই উচ্চতর গ্রেডের সুবিধা নিয়ে অতিরিক্ত বেতন-ভাতা উত্তোলন করায় চার মাদ্রাসা শিক্ষকের কাছে সেই অর্থ ফেরত চেয়েছে অধিদপ্তর। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

রবিবার (৩০ আগস্ট) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

অভিযুক্ত শিক্ষকরা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া বার আউলিয়া হামিদিয়া আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক মো. ওসমান গনি; কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর ডিএসএন আলিম মাদ্রাসার হাদিস বিষয়ের প্রভাষক মো. আব্দুর রউফ; গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার হাদিস বিষয়ের প্রভাষক মো. ওবায়দুর রহমান এবং গাইবান্ধার পলাশপুর উপজেলার মাদার বাজার এবিএস মাদ্রাসার হাদিস বিষয়ের প্রভাষক শামিমা খাতুন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৪ অনুচ্ছেদ অনুযায়ী এমপিওভুক্ত প্রভাষকগণ এমপিওভুক্তির ৮ (আট) বছর পূর্তিতে ৫০% কোটা অনুযায়ী (অনুচ্ছেদ ১৩ মোতাবেক) জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্য হবেন। ভগ্নাংশের ক্ষেত্রে ০.৫ বা তদূর্ধ্ব হলে পরবর্তী পূর্ণসংখ্যা গণনা করে পদোন্নতি প্রদান করা যাবে। তবে এর ফলে প্রতিষ্ঠানের মোট পদের সংখ্যা বৃদ্ধি পাবে না। 

এতে বলা হয়, যেসব প্রভাষক উক্ত কোটার আওতায় পদোন্নতি লাভ করবেন না, তারা এমপিওভুক্তির ১০ (দশ) বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে বেতন স্কেলের গ্রেড-৯ হতে গ্রেড-৮ প্রাপ্য হবেন এবং পরবর্তী ৬ (ছয়) বছর, অর্থাৎ ১৬ (ষোল) বছর সন্তোষজনক চাকরি পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্য হবেন। তবে মেমিস সেলের তথ্য পর্যালোচনায় দেখা যায় যে, বিভিন্ন সময়ে ৪ (চার) জন প্রভাষক উচ্চতর গ্রেড প্রাপ্তির নির্ধারিত সময় পূর্ণ হওয়ার পূর্বেই উচ্চতর গ্রেড প্রাপ্তির লক্ষ্যে মেমিস (MEMIS) সফটওয়্যারের মাধ্যমে আবেদন করে ৮ গ্রেড প্রাপ্ত হয়েছেন। এর ফলে সংশ্লিষ্ট প্রভাষকগণের বেতন-ভাতা অধিক হারে উত্তোলিত হয়েছে।

এতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৪ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চতর গ্রেড প্রাপ্তির নির্ধারিত সময় পূর্ণ হওয়ার পূর্বেই উচ্চতর গ্রেডজনিত সুবিধা লাভ করেছেন, যা উক্ত নীতিমালার বিধান পরিপন্থী তাই তাঁদের এমপিওশিটে বিদ্যমান বেতন কোড ৮-এর পরিবর্তে বিধি অনুযায়ী পূর্বের বেতন কোড-৯ নির্দেশক্রমে জুলাই মাসের এমপিওশিটে পুনর্বহাল করা হয়েছে। বেতন কোড সংশোধনের কারণে অতিরিক্ত উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানপূর্বক এ অধিদপ্তরকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো। অন্যথায়, তাদের বিরুদ্ধে (PDR আইন)-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।