আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের
মিশরের প্রসিদ্ধ আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩টি বিষয়ে পড়ার সুযোগ পান কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির ফ্যাকাল্টি অফ ল্যাঙ্গুয়েজ এন্ড ট্রান্সলেশন বিভাগের বাংলাদেশি শিক্ষার্থী মুহাম্মদ জায়েদ।
মুহাম্মদ জায়েদ বলেন, ‘কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিষয়ে পড়া সম্ভব।’
বিষয়গুলো হলো— এরাবিক ল্যাঙ্গুয়েজ; শরিয়াহ ইসলামিয়া; তাফসির তাখাসসুস; হাদিস তাখাসসুস; আকিদাহ ও দর্শন; শরিয়া কানুন (আইন); দাওয়াহ ও সাকাফাহ; ইতিহাস ও সভ্যতা; ইলমুল ক্বিরাআত; তারবিয়া (৩টি বিষয়); ইসলামিক স্টাডিজ এরাবিক; সাংবাদিকতা ও জার্নালিজম (পেইড); ফ্যাকাল্টি অফ ইসলামিক সাইন্স (পেইড)।
আল-আযহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জায়েদ বলেন, ‘বাংলাদেশের যেকোনো কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে সরাসরি ভর্তি হওয়া যায় না। সেজন্য
সার্টিফিকেট অ্যাটেস্টেশন করে এনে ভর্তি পরীক্ষা দিতে হবে (حداثة المؤهل والمعادله)। প্রতিবছর জুলাই-আগস্ট মাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে ভর্তি পরীক্ষায় পাস না করলে এখানে ভাষা কোর্স শেষে ইন্টারমিডিয়েট পড়তে হবে। এই বিষয়গুলোর বাইরে অন্য সাবজেক্ট চয়েজ করলেও সাধারণত নির্ধারিত গুলোই এসে থাকে বলে জানান তিনি।
তিনি বলেন, ইতোমধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ফুল ফ্রি স্কলারশিপের আবেদন চলছে। এ সুবিধার জন্য আলিম শ্রেণির সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে এবং তিন বছর মুয়াদালা (দ্বিপাক্ষিক শিক্ষা চুক্তি) পাওয়া যায়।