১১ আগস্ট ২০২৬, ২২:২৪

টঙ্গীতে নিহত তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীর পরিবার পেল ৩ লাখ টাকা

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ইয়াসিন আলীর পরিবারের হাতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা  © টিডিসি ছবি

সড়ক দুর্ঘটনায় নিহত গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী ইয়াসিন আলীর পরিবারের হাতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার নিজে পরিবারের সদস্যদের ডেকে নিয়ে এ অর্থ হস্তান্তর করেন।

একই সঙ্গে শিক্ষার্থী ও পথচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে টঙ্গীর গাজীপুরা এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। এ বিষয়ে জেলা প্রশাসকের গঠিত বিশেষ কমিটি ও সিটি প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আগামী সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজের নির্মাণকাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে ইয়াসিনের পরিবারের সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সড়ক পারাপারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ঝুঁকি, দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রস্তাবিত ফুটওভার ব্রিজ নির্মাণের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয় ইয়াসিন আলী (১৭)। সে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর পর নিরাপদ সড়ক পারাপার ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের আন্দোলনের পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের বৈঠকে নির্মাণকাজ শুরুর সময়সীমা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোহাম্মদ হেফজুর রহমান, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর সহসভাপতি (ভিপি) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) মুর্তজা হাসান ফুয়াদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাপ্রবণ ওই এলাকায় পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। ফুটওভার ব্রিজের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শুরু হলে শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের ঝুঁকিপূর্ণভাবে মহাসড়ক পারাপার অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।