কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখার এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ইয়াসিন আলী (১৭)। তিনি নবম শ্রেণির এক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকায়, তার পিতার নাম রিপন মিয়া, মায়ের নাম শাপলা বেগম। বর্তমানে পরিবারের সঙ্গে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা কাজীপাড়া এলাকায় নাজিমুদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন ইয়াসিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে ইয়াসিন গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কভার ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের কর্মকর্তা ও সদস্যরা এবং টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। পরে আহত ইয়াসিনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
দুর্ঘটনার পর কভার ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ দুর্ঘটনাকবলিত কভার ভ্যানটি (ঢাকা মেট্রো-২০-৪৪১৩) আটক করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে গেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কভার ভ্যানটি জব্দ করেছে। নিহত শিক্ষার্থীর মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।