টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইলে বিশেষ আলোচনা সভা, দেয়ালিকা উন্মোচন এবং বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী পাবলিক ফাজিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুরাদ হোসেন। সফরকালে তিনি প্রতিষ্ঠানের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত বর্ণিল দেয়ালিকার উন্মোচন করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. মুরাদ হোসেন বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশের মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করা এবং সাধারণ ও ইসলামি শিক্ষার মধ্যে কার্যকর সমন্বয় সৃষ্টি করা। তিনি জানান, ১৯৭৯ সালে কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও দীর্ঘ পথচলা শেষে ২০১৩ সালে এটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য এমন মানবসম্পদ তৈরি করা, যারা পবিত্র কুরআনের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতেও দক্ষ হয়ে দেশ ও জাতির সেবায় ভূমিকা রাখবে।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের নেতৃত্বে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বর্তমানে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। সনদ প্রদানেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের প্রশাসনিক ও একাডেমিক সেবা সহজ করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হয়েছে। পাশাপাশি শিক্ষকদের আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও আধুনিক পাঠদান কৌশল বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি জানান, ফাজিল ও কামিল স্তরের পরীক্ষার ফল দ্রুত প্রকাশে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন এবং পরীক্ষা ব্যবস্থাপনা সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার কাজ চলমান রয়েছে। একটি ‘স্মার্ট বিশ্ববিদ্যালয়’ গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।
বক্তব্যের এক পর্যায়ে তিনি সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।
মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গভর্নিং বডির সভাপতি মো. মজিবর রহমান, সহ-সভাপতি মো. আব্দুল হালিম ভুইয়া, উপাধ্যক্ষ মো. আব্দুল হাই, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।