১৩ জুলাই ২০২৬, ১৪:৫৩

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি দুই নির্দেশনা বোর্ডের

মাদ্রাসা শিক্ষা বোর্ড  © সংগৃহীত

জুলাই শহীদ দিবস ও নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (১৩ মে) বোর্ডের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জুলাই শহীদ দিবস পালন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুযায়ী মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই শহিদদের স্মরণে সুবিধাজনক সময়ে স্মরণ সভা এবং বিশেষ মোনাজাত আয়োজন করার জন্য নির্দেশ করা হয়েছে।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়,  দেশের ক্রীড়া উন্নয়নে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসাবে দেশের তৃণমূল পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের অন্বেষণ, বিকাশ এবং ক্রীড়ামুখী মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২৭ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এতে আরও বলা হয়, এ অনুষ্ঠানকে উৎসবমুখর, প্রাণবন্ত ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে ঢাকা মহানগরে অবস্থিত বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল ড্রেসে স্বত:স্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হয়েছে।