এমপিওভুক্ত মাদ্রাসা প্রধানদের নতুন নির্দেশনা দিল অধিদপ্তর
এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের মেমিস (MEMIS) সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও কাছে হস্তান্তর না করার বিষয়েও সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো তথ্যের ভিত্তিতে মেমিস সফটওয়্যারে যাচাই-বাছাই করে প্রদান করা হয়। এ কারণে মেমিস সফটওয়্যারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এতে আরও বলা হয়, এসব তথ্যের গোপনীয়তা রক্ষা করা প্রতিষ্ঠান প্রধানদের আবশ্যিক দায়িত্ব। কোনোভাবেই ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করা যাবে না।