শুধু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ
দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ে পৃথক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রণালয়ের বিভাগীয় সমন্বয় সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মনিরুল ইসলাম স্বাক্ষরিত কার্যবিবরণীতে এসব সিদ্ধান্তের তথ্য উল্লেখ করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, খেলোয়াড় তৈরির উদ্দেশ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের ক্রীড়া উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে একাধিক উদ্যোগ গ্রহণেরও সিদ্ধান্ত হয়েছে।
সভার কার্যবিবরণী থেকে জানা যায়, দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠ সংরক্ষণে জেলা প্রশাসকদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া জাতীয় খেলার মাঠ তৈরির উপযোগী জমির তথ্য (পরিমাণ, অবস্থান, চৌহদ্দি ও মৌজা) আগামী ৩০ জুনের মধ্যে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অব্যবহৃত মাঠগুলো ব্যবহারের উপযোগী করতে সমঝোতা স্মারক (এমওইউ) করার মাধ্যমে প্রয়োজনীয় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নেওয়া হবে।