০৭ জুলাই ২০২৬, ১৫:৫২

কাল থেকে দুই মাসের বেতন তুলতে পারবেন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে ও জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মে ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের তিনটি চেক বণ্টনকারী অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডএর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মে মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

আরেকটি বিজ্ঞপ্তিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন ২০২৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ৭ জুলাই বণ্টনকারী অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক-এর প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক-এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। ফলে শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ জুলাই ২০২৬ থেকে সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।