দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
দেশের সব মাদ্রাসায় দ্রুত ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (৬ জুলাই) বোর্ডের ওয়েবসাইটে দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফুটবল টুর্নামেন্ট আয়োজন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ২ জুলাইয়ের
স্মারক মোতাবেক জুন ‘২০২৬ মাসের মাসিক সমন্বয়’ সভার কার্যবিবরণীর ক্রমিক ৯.৮ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ইবতেদায়ি ও দাখিল পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুততম সময়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।
আরেক বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সব মাদ্রাসায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শ্রেণি শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের ডেঙ্গু ও মশা নিয়ন্ত্রণ বিষয়ে সচেতন করতে হবে। প্রয়োজনে ডেঙ্গুবিষয়ক লিফলেট, পোস্টার ও অন্যান্য সচেতনতামূলক উপকরণ বিতরণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাধ্যমে তাদের পরিবারকেও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নিতে হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, উভয় নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।