মাদ্রাসার একদিনের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত
অনিবার্য কারণে দেশের মাদ্রাসাগুলোর আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষাটি আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ১৯ জানুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের অর্ধবার্ষিক পরীক্ষার সময়সূচি ২৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে অনিবার্য কারণে ২৮ জুনের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২৩ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক অফিস আদেশে দেশে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৬ জুলাই।