অদ্ভুত কারণে ২২ দিন বিদ্যুৎ নেই মাদ্রাসায়
ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট দাখিল মাদ্রাসা টানা ২২ দিন ধরে বিদ্যুৎ নেই। যার ফলে প্রায় ৩০০ শিক্ষার্থীর শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় পাঠদান, অফিস কার্যক্রম এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন দুর্ভোগের মধ্যে পড়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় নুরা শেখের বাড়ির ওপর দিয়ে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। প্রায় ২২ দিন আগে বিদ্যুৎ লাইন পুড়ে গেলে নতুন করে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তবে ওই বাড়ির মালিকপক্ষ নতুন সংযোগের কাজে বাধা দেওয়ায় এখনো বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের ক্লাস করতে এবং শিক্ষকদের ক্লাস পরিচালনা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
কারীরহাট দাখিল মাদ্রাসার সুপার মো. এবিএম রাইসুদ্দিন বলেন, গত ২২ দিন ধরে মাদ্রাসাটি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। একাধিকবার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এতে প্রায় ৩০০ শিক্ষার্থীর পাঠদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে অভিযুক্ত নুরা শেখের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তারা।
সদরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. শহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগ পুড়ে যাওয়ার পর নতুন করে সংযোগ স্থাপনের জন্য সংশ্লিষ্ট বাড়ির ওপর দিয়ে লাইন নেওয়ার প্রয়োজন হয়েছে। কিন্তু বাড়ির লোকজন কোনোভাবেই তাদের বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎ লাইন নিতে দিচ্ছেন না। বিষয়টি সমাধানে স্থানীয়দের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, দ্রুত একটি সমাধান হবে।
সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। মাদ্রাসাটিতে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।