১০ জুন ২০২৬, ১৯:২০

ইবতেদায়ীর তিন পদের শিক্ষকদের গ্রেড সংশোধনীর দাবি

রাজধানীর একটি মাদ্রাসা  © সংগৃহীত

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার ইবতেদায়ীর তিন পদের (শিক্ষক-মৌলভী-কারী) শিক্ষকদের গ্রেড সংশোধনীর দ্রুত নিষ্পতি চেয়েছে বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরাম।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব বরাবর একটি আবেদনে এ দাবি জানান শিক্ষক নেতারা। 

আবেদনে শিক্ষক নেতারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট ‘ঘ’-এর ক্রমিক নং ৪০(৩), ৪১(২) ও ৪২(২) অনুযায়ী সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক, মৌলভী ও ক্বারীগণের কাঙ্খিত শিক্ষাগত যোগ্যতা অর্জন সাপেক্ষে ১৩তম গ্রেড প্রাপ্তির বিধান রয়েছে।

পরবর্তীতে গত ৭ এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক উক্ত বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরণ করা হয়েছে বলে আমরা অবগত হয়েছি। প্রস্তাবিত সংশোধনী বাস্তবায়িত হলে সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক, মৌলভী ও ক্বারীগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং একই যোগ্যতাসম্পন্ন শিক্ষকদের মধ্যে বিদ্যমান জটিলতা ও বৈষম্যের অবসান ঘটবে।

বর্তমানে সংশোধনী প্রস্তাবটি নিষ্পত্তির অপেক্ষায় থাকায় দেশের হাজারো সংযুক্ত ইবতেদায়ি শিক্ষক, মৌলভী ও ক্বারী উদ্বেগের মধ্যে রয়েছেন। তাই সংশ্লিষ্ট শিক্ষকগণের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং নীতিমালার কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত সংশোধনী প্রস্তাবটি অতি দ্রুত অনুমোদন ও নিষ্পত্তির জন্য আহ্বান জানাচ্ছি। 

বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রেরিত সংশোধনী প্রস্তাব দ্রুত নিষ্পত্তি করে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান  বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরামের সভাপতি মো. ডালিম শেখ ও সাধারণ সম্পাদক মো. শাহিন সিকদার।