১০ জুন ২০২৬, ০০:০৭

পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

নিহত আলী আজগর  © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়া কসবার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে পুকুর থেকে আলী আজগর (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আলী আজগর উপজেলার খেওড়া মধ্যপাড়া গ্রামের মো. রাজিব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার (৭ জুন) বিকেলে আলী আজগর মাদ্রাসার মাঠে খেলতে যায়। সন্ধ্যায় অন্যান্য শিক্ষার্থীরা মাদ্রাসায় ফিরে গেলেও সে আর ফিরে না যাওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারকে বিষয়টি জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বজন ও স্থানীয়রা মাইকিংসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরদিন সোমবার সকালে শিশুটির বাবা মাদ্রাসার উত্তর পাশে একটি পুকুরের পাড়ে গেলে পানিতে ভাসমান অবস্থায় ছেলের জুতা দেখতে পান। পরে স্থানীয় লোকজন জাল দিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে আলী আজগরের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এ ব্যাপারে কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পারেন, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করে দেওয়া হয়েছে।