মে মাসের বেতন নিয়ে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জন্য দুঃসংবাদ
মে মাসের বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দেশের এমপিওভুক্ত মাদ্রাসার প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী। সংশ্লিষ্ট কোডে পর্যাপ্ত অর্থ না থাকায় বেতন ছাড়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত পরশু দিন হঠাৎ অর্থ মন্ত্রণালয় জানায়, মাদ্রাসা বিভাগের শিক্ষক-কর্মচারীদের কোডে পর্যান্ত টাকা নেই। যে টাকা আছে তাতে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হবে না। পরে বিষয়টি দুই মন্ত্রী জানালে তারা সমস্যাটি সমাধানে কাজ করছেন বলে জানা গেছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা চাহিদাপত্র তৈরি করে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছি। এখন শুনছি, আমাদের কোডে নাকি টাকা নেই। এখন কী হবে বা কীভাবে বেতন দেবে, সেটা মন্ত্রণালয়ই ভালো জানবে বা বলতে পারবে। আমাদের কাজ শিক্ষক-কর্মচারীদের তালিকা ও চাহিদাপত্র তৈরি করে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো। পরে সেখান থেকে অনুমোদন বা চিঠি এলে বাকি ধাপগুলো সম্পন্ন করা। এখন যেহেতু কোডেই টাকা নেই। এ মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’
মন্ত্রণালয় ও অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোডে টাকা না থাকায় শিক্ষক ও কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া নিয়ে একটা অনিশ্চিয়তা তৈরি হয়েছে। কবে পাবেন তা বলা যাচ্ছে না। ঊর্ধ্বতনরা ভালো বলতে পারবেন।
বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব মাহমুদুল হককে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দেশে এমপিওভুক্ত মাদ্রাসা ৮ হাজার ২২৯টি। এর মধ্যে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পর্যায়ের মাদ্রাসা যথাক্রমে ৫ হাজার ৭৬৭, ১ হাজার ২৮৫টি ও ফাজিল ৯৯৩টি ও ১৮৪টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।