০২ মে ২০২৬, ১৬:৪৪

মেমিস সফটওয়্যার নিয়ে সবশেষ যা বলছে মাদ্রাসা অধিদপ্তর

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো  © টিডিসি সম্পাদিত

ইবতেদায়ী মৌলভী, শিক্ষক ও ক্বারী পদসহ ল্যাব সহকারীদের গ্রেড উন্নয়ন নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তবে মাদ্রাসার ল্যাব সহকারী পদে গ্রেড উন্নয়নয়ের বিষয়টি মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারে যুক্ত হয়েছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এদিকে মাদ্রাসা অধিদপ্তর বলছে, ইবতেদায়ী মৌলভী, শিক্ষক ও ক্বারী পদে নতুন ও পূর্বে নিয়োগপ্রাপ্ত উভয়ের ১৩ গ্রেড প্রাপ্তির জন্য নীতিমালা সংশোধনের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ে মেমিস সফটওয়্যারে ‘পুনঃনিয়োগ’ অপশনের মাধ্যমে আবেদন গ্রহণের বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি ল্যাব সহকারী পদে গ্রেড-১৮ হতে গ্রেড-১৬-এ উন্নীত হওয়ার জন্য আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। 

এ বিষয়ে মাদ্রাসা অধিদপ্তরেরর উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইবতেদায়ীর তিন পদ ও ল্যাব সহকারীর জন্য যারা আবেদন করছেন তাদেরটা গ্রহণ হবে না। কারণ মেমিসে তা যুক্ত করার জন্য মেমিসকে এখনো কোনো চিঠি দেওয়া হয়নি। এ ছাড়াও সম্প্রতি আমরা একটি বিজ্ঞপ্তি দিয়েও বিষয়টি জানিয়েছি। আবেদনের বিষয়টি আমরা বিজ্ঞপ্তির মাধ্যমেই যখন জানাব, তখনই শিক্ষকরা আবেদন করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট ঘ-এর ৪০, ৪১ ও ৪২  নীতিমালায় সামান্য সংশোধন হচ্ছে। তবে ল্যাব সহকারীদের বিষয়টা সংশোধন করা হচ্ছে না। যেহেতু একটি বিষয় সংশোধন হচ্ছে, আমাদের চিন্তা রয়েছে, একসাথেই ইবতেদায়ীর তিন পদ ( ইবতেদায়ী মৌলভী, শিক্ষক ও ক্বারী) ও ল্যাব সহকারীর বিষয়টি মেমিসে যুক্ত করার জন্য চিঠি দেওয়া হবে, তখনই তারা আবেদন করতে পারবেন।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল প্রতিষ্ঠান প্রধানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর পরিশিষ্ট “ঘ”-এর ৪০, ৪১ ও ৪২ অনুচ্ছেদ অনুযায়ী যথাক্রমে ইবতেদায়ী মৌলভী, ইবতেদায়ী শিক্ষক এবং ইবতেদায়ী ক্বারী পদে নতুন নিয়োগপ্রাপ্তদের গ্রেড-১৬ প্রদান করা হবে। পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ নির্ধারিত যোগ্যতা অর্জন সাপেক্ষে গ্রেড-১৩ প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন।

বর্তমান মেমিস (MEMIS) সফটওয়্যার ব্যবস্থায় গ্রেড-১৫ বা গ্রেড-১৬-এ কর্মরত শিক্ষকদের উচ্চতর স্কেলের মাধ্যমে গ্রেড-১৩ প্রাপ্তির সুযোগ নেই। নতুন ও পূর্বে নিয়োগপ্রাপ্ত উভয়ের ১৩ গ্রেড প্রাপ্তির জন্য নীতিমালা সংশোধনের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ে মেমিস (MEMIS) সফটওয়‍্যারে "পুনঃনিয়োগ" অপশনের মাধ্যমে আবেদন গ্রহণের বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি ল্যাব সহকারী পদে গ্রেড-১৮ হতে গ্রেড-১৬-এ উন্নীত হওয়ার জন্য আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।