০১ মে ২০২৬, ১৭:১১

আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো  © টিডিসি সম্পাদিত

মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং নির্ধারিত সময়ের মধ্যে যারা ফরম পূরণ করতে পারেননি, তাদের সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ আগামী ৬ মে পর্যন্ত বহাল থাকবে।

এ ছাড়া ফরম পূরণ সংক্রান্ত ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ মে। মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন দেশের সব আলিম পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। 

বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী যাতে ফরম পূরণ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে মাদ্রাসা প্রধানদের লক্ষ্য রাখতে বলা হয়েছে।