৪৩ শতাংশ ফি বাড়িয়ে ইআবিতে কামিল ১ম পর্বে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি কামিল (স্নাতকোত্তর) ১ম পর্বে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলতি বছর কামিল পর্যায়ের ভর্তি ফি গত বছরের তুলনায় প্রায় ৪৩.৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভর্তির যোগ্যতা অনুযায়ী ফাজিল (পাস) ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষা ২০২৩ ও ২০২৪ সালে উত্তীর্ণ নিয়মিত ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে ফাজিল (অনার্স) ও কামিল (এক বছর মেয়াদি) ডিগ্রিধারীরাও নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তির সুযোগ পাবেন। এছাড়া পূর্বে কামিল (দুই বছর মেয়াদি) ডিগ্রি অর্জনকারীরা অন্য যেকোনো বিষয়ে পুনরায় নিয়মিত ছাত্র হিসেবে ভর্তি হতে পারবেন।
ফি বৃদ্ধির হিসাবে দেখা গেছে, গত ২০২৩–২৪ শিক্ষাবর্ষে বছর কামিল পর্যায়ের মোট ভর্তি ফি ছিল ১ হাজার ৬৫ টাকা। চলতি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে তা ৪৩ শতাংশ বাড়িয়ে ১ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে শিক্ষার্থীপ্রতি মোট ফি বেড়েছে ৪৬৫ টাকা।
নতুন নির্ধারিত ফি অনুযায়ী আবেদন ফি ৪০০ টাকা, রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা, ভর্তি ফি ৪০০ টাকা, বিশ্ব আরবি ভাষা দিবস ফি ৫০ টাকা, ক্রীড়া ও সংস্কৃতি ফি ৫০ টাকা এবং রোভার স্কাউটস ও বিএনসিসি ফি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিলম্ব ফি ছাড়া মোট প্রদেয় ফি ১ হাজার ৫৩০ টাকা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর ভর্তি করতে হলে অতিরিক্ত বিলম্ব ফি প্রদান করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট মাদ্রাসার নোটিশ বোর্ডে পাওয়া যাবে।