একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি, বীর মুক্তিযোদ্ধা এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী আর নেই। আজ শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কবির মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার কন্যা পরমা সরকার।
পারিবারিক সূত্রে জানা গেছে, কবি আল মুজাহিদী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা এবং হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে এবং কিডনি জটিলতাসহ ফুসফুসে পানি জমায় তাকে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম প্রধান এই কবির প্রয়াণে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কবিতা, উপন্যাস, গল্প, অনুবাদ ও শিশুসাহিত্যসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অবদান ছিল অতুলনীয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’, ‘যুদ্ধ নাস্তি’,প্রভৃতি। সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’ ছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।