২৭ নভেম্বর ২০২৬, ২১:৫০

আইজিপি-স্বরাষ্ট্র সচিবসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ   © সংগৃহীত

হাইকোর্টের নির্দেশের পরও ব্যক্তিমালিকানাধীন গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আট কর্মকর্তাকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি ফেরত দেওয়ার নির্দেশ বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরুর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রিট আবেদনকারী।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। 

নোটিশে বিশেষভাবে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের টয়োটা হার্ড জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬) জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয়। গত ২৯ অক্টোবরের একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গাড়িটি আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট করেন গাড়ির মালিক। রিটের নম্বর ১৬৮৯৯/২০২৬।

গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা নিয়ে আদালতের আটকাদেশ না থাকলে আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গাড়িটি মালিকের কাছে ফেরত দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কিন্তু এরপরও গাড়িটি ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রিট আবেদনকারী।

গাড়িটি কোন আদালতের আদেশে, কোন মামলার পরিপ্রেক্ষিতে এবং আইনের কোন ধারা বা বিধির আওতায় আটক রাখা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে। অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা থাকলে সেই মামলার বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট এজাহার, জব্দ তালিকা ও আদালতের আদেশের অনুলিপি দিতে বলা হয়েছে। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করার কারণ এবং ওই আদেশের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ রয়েছে কি না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ ছাড়া গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার রেকর্ড, সিসিটিভি ফুটেজ, জিডি ও দাপ্তরিক যোগাযোগের নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী গাড়ি ফেরত না দেওয়ার পক্ষে আইনসংগত কারণ দেখাতে ব্যর্থ হলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে।